এমন ভাবেই হয়ত আমাদের দেখা হওয়ার কথা ছিল একদিন
যৌবন পেরিয়ে গিয়ে কোনো গ্রোসারিজ এর দোকানে।
তুমি মশলাপাতি বাছতে বাছতে চট জলদি তাকাবে, তারপর
আমাকে চিনতে পারলেই, দুজন মিলে দুশো ওয়ার্ডের শক খাবো,
হাসবো কি? একবার হয়ত তুমিই হাসবে, চলে যাবে তারপর
আমি তেমন কিশোর বেলার মতো স্বপ্ন দেখব এর পর থেকে।
#
এভাবেই আমাদের দেখা হওয়ার কথা ছিল সিনেমার মতো, কিন্তু
আজ বড়ো অদ্ভুত বিকেলে তোমায় দেখলাম, অদ্ভুত বলেই
কোনো প্রাক্তনের সাথে দেখা হওয়ার কথা নয়, তবুও সুন্দর
তাই তোমার সাথে আগের মতই মানিয়ে গেছে ব্ল্যাক কন্ট্রাস্ট।
নিয়ম মতো এর পরই আসার কথা ছিলো মৌসুমী বায়ুর,
সেও হয়ত আটকে গেছে কোনো যানজটে, ফাঁপরে পড়েছে একা।
তুমি শুনলে বলতে, ওসব জলবায়ুরাও নাকি আমারই মতো
আসবে বললে একা আসে, তারপরই ওলটপালট।
আসলে এমন ভাবেই সব সত্যি হয় এটা তুমি জেনে গেলে
কারণ আমিও তো এক ঝটকাতেই জেনে গেলাম,
মৌসুমী বায়ু আসার আগেই দু'এক পশলা বৃষ্টি হয়।
#
যদি বৃষ্টি আমাদের নিয়তি হয় তবে হোক,
আমিও চাই লক্ষ্য লক্ষ্য কিশোরের গ্রোসারিজ স্বপ্ন ভেঙে যাক।
বদলে আমরা নিজেদের মুখেই স্বীকার করে নিই,
আমাদের পাড়ার চৌমাথা গুলোকে,
এই ভাবেই উঠতি ফ্লিম মেকার রা চিত্রনাট্য বানাক,
এটাই আমি চাই, তার সাথে চাই-
তোমার কিশোরী থেকে পরন্ত যুবতী বেলার সমস্ট সালোয়ারের
রঙ নোট করে রাখুক কোনো একলা কিশোর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন